বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট, ‘অপরিপক্ব’ হিসেবে খারিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

৬ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে রিট, ‘অপরিপক্ব’ হিসেবে খারিজ

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ এবং দ্রুত নির্বাচনের নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদন ‘অপরিপক্ব’ আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের ছয় আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম কিবরিয়া জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করেন।

রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), স্থানীয় সরকার বিভাগের সচিব এবং ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়েছিল, আইনে বিশেষ পরিস্থিতিতে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। কিন্তু বর্তমানে সেই বিশেষ পরিস্থিতি আর বিদ্যমান নেই। ফলে প্রশাসক নিয়োগের প্রক্রিয়াটি আইনসম্মত হয়নি।

শুনানিতে রিটকারী পক্ষ প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত, এ বিষয়ে রুল জারি এবং এক মাসের মধ্যে সিটি করপোরেশনগুলোতে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চেয়েছিল।

তবে আদালত শুনানিকালে উল্লেখ করেন, সরকার এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়াসহ নানা বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এখনই নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া বাস্তবসম্মত কি না, তা বিবেচনায় নেওয়ার অবকাশ রয়েছে। এরপর আদালত আবেদনটি ‘নট প্রেসড’ (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) না করে ‘অপরিপক্ব’ হিসেবে খারিজের আদেশ দেন।

‘পরিস্থিতি বিবেচনা সরকারের এখতিয়ার’: রাষ্ট্রপক্ষ

শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তি তুলে ধরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী বলেন, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার আইনসিদ্ধভাবেই সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ক্ষমতা রাখে। বিশেষ পরিস্থিতি কত দিন বহাল থাকবে বা থাকবে না, তা নির্ধারণ ও বিবেচনা করার এখতিয়ার সরকারের। তাছাড়া দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা বর্তমানে দৃশ্যমানভাবে ভালো কাজ করছেন।

তিনি আরও বলেন, রিটকারীদের যুক্তি গ্রহণযোগ্য মনে না হওয়ায় আদালত আবেদনটি অপরিপক্ব বিবেচনায় খারিজ করে দিয়েছেন।

‘নির্বাচন না হলে আবার আদালতে যাব’: রিটকারী আইনজীবী

আদেশের পর রিটকারী আইনজীবী মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমরা আদালতের কাছে রুল জারির আবেদন জানিয়েছিলাম, যাতে সরকারের বক্তব্য জানা যায় যে কেন নির্বাচন দেওয়া হচ্ছে না। কিন্তু আদালত বলেছেন বিষয়টি এই মুহূর্তে অপরিপক্ব।

তিনি আরও বলেন, আদালত আবেদনটি সরাসরি নাকচ না করে অপরিপক্ব হিসেবে খারিজ করায় আমাদের জন্য পরবর্তীতে আসার আইনি সুযোগ রয়ে গেছে। আগামী তিন-চার মাসের মধ্যে সরকার যদি নির্বাচনের কোনো কার্যকর উদ্যোগ না নেয়, তবে আমরা আবারও হাইকোর্টে আবেদন জানাব।

আরএনবি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর