বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে তিন বিচারককে পদায়ন কেন অবৈধ নয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে তিন বিচারককে পদায়ন কেন অবৈধ নয়
হাইকোর্টের ফাইল ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিন সদস্যকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) হিসেবে পদায়ন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারিক দায়িত্বের বাইরে নির্বাহী বিভাগে বিচারকদের পদায়নের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২১ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন আইনজীবী রাশেদুল হক খোকন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. তৌফিক এনামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

রিট আবেদনে জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫-এর ৪(১) বিধির উল্লেখ করে বলা হয়, বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত পদগুলোকে জুডিশিয়াল সার্ভিসের ক্যাডার পদ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে সম্প্রতি তিন বিচারককে নির্বাহী বিভাগের যেসব পদে নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো ওই তফসিলে অন্তর্ভুক্ত নয়।

নথি অনুযায়ী, আইন ও বিচার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব ও যুগ্ম জেলা ও দায়রা জজ কামরুল হাসানকে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। পরে ৯ মার্চ যুগ্ম জেলা জজ জি এম ফারহান ইসতিয়াককে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিককে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পিএস হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

রিটে ওই তিন বিচারকের পদায়নসংক্রান্ত প্রজ্ঞাপনগুলোকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালার তফসিলে নির্ধারিত পদের বাইরে কোনো বিচারিক কর্মকর্তাকে বদলি বা নিয়োগ না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া, তিন বিচারককে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করে জুডিশিয়াল সার্ভিসে পদায়নের নির্দেশনাও চেয়েছেন রিটকারী।

এম/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর