সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

মানবতাবিরোধী অপরাধ: বিচারের মুখোমুখি হচ্ছেন আজম-আমু-শাজাহানসহ ৭ নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

মানবতাবিরোধী অপরাধ: বিচারের মুখোমুখি হচ্ছেন আজম-আমু-শাজাহানসহ ৭ নেতা
মির্জা আজম, আমির হোসেন আমু ও শাজাহান খান / কোলাজ ছবি

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সাতজন মন্ত্রী, এমপি ও উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্য দিয়ে মির্জা আজম, আমির হোসেন আমু ও শাজাহান খান সহ পাঁচ নেতা প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রসিকিউশন কার্যালয়ে এই প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত সংস্থার প্রতিবেদনটি পর্যালোচনার পর শিগগিরই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) আকারে দাখিল করা হবে।

অভিযুক্ত সাতজন হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাবেক জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, দীর্ঘ অনুসন্ধান শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। প্রতিবেদনে জুলাই আন্দোলন দমনে নৃশংস হামলা, হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন এবং এসব অপরাধে উসকানি, প্ররোচনা ও সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অপরাধ দমনে ব্যর্থতা ও ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

সংশ্লিষ্টরা জানান, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আমির হোসেন আমু, শাজাহান খান, মির্জা আজম, ফারুক খান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি হবেন।

তবে ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার মামলায় ড. দীপু মনি ও ড. আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আগেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

প্রসিকিউশনের যাচাই-বাছাই শেষ হলে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন ও বিচার শুরুর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

আরএনবি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর