রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

পলকের মৃত্যুদণ্ড হতে পারে, আসামিপক্ষকে সময় দেওয়া উচিত: ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

পলকের মৃত্যুদণ্ড হতে পারে, আসামিপক্ষকে সময় দেওয়া উচিত: ট্রাইব্যুনাল
পুলিশি পাহারায় আদালতে নেওয়া হচ্ছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। ফাইল ছবি

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা অভিযোগে তার মৃত্যুদণ্ড হতে পারে, তাই আসামিপক্ষকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রোববার (১১ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দশম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বিটিআরসির কর্মকর্তা মাহদী আমিন।

সাক্ষীর জবানবন্দি শেষ হওয়ার পর জেরার জন্য পর্যাপ্ত সময় চান পলকের আইনজীবী লিটন আহমেদ। একইসঙ্গে জয়ের পক্ষে নিয়োগ পাওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলমও একই আর্জি জানান। 

তারা জানান, প্রসিকিউশনের সরবরাহ করা নথির কিছু পৃষ্ঠা অস্পষ্ট ও দ্ব্যর্থক। তাই নথিগুলোর স্পষ্ট কপি সরবরাহ এবং সাক্ষীকে জেরা করার জন্য আরও সময় প্রয়োজন।

এ সময় আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আসামিপক্ষ যেসব নথির কথা বলছে, সেগুলো ওই দিনের জেরার সঙ্গে প্রাসঙ্গিক নয় বলে যুক্তি দেন তিনি।

তখন পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, পলকের বিরুদ্ধে আনা অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে। তাই আসামিপক্ষকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। পরে বিচারিক কার্যক্রম মুলতবি করে জেরার জন্য সোমবার (১২ অক্টোবর) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষ বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দাঁড়িয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘এটা যুদ্ধ, মাননীয় আদালত।’

মামলার কার্যক্রম পেছানোর বিরোধিতা করে প্রসিকিউশন যুক্তি উপস্থাপনের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে এমন মন্তব্য করেন তিনি।

মামলায় পলক ছাড়াও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তৎকালীন সরকারের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেও আসামি করা হয়েছে। 

আরএনবি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর