রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

৫ মামলায় এনামুর রহমানের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

৫ মামলায় এনামুর রহমানের জামিন স্থগিত
ডা. এনামুর রহমান। ফাইল ছবি

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (১১ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান ঢাকা মেইলকে বলেন, নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর এনামুর রহমান হাইকোর্টে জামিনের আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত সেই জামিনাদেশ স্থগিত করেছেন।

এর আগে, ২০২৫ সালের ২৬ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন মিরপুর থানার একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।

এরপর ১৮ ফেব্রুয়ারি সাভার থানায় করা মো. হৃদয় হত্যা মামলায়ও তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছিলেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে রোববার এ আদেশ দেন আদালত।

পেশায় চিকিৎসক ডা. এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে হেরে যান তিনি।

আরএনবি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর