শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কল্যাণপুরে ৯ হত্যা: হাসিনাসহ ৮ জনের মামলার শুনানি ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

কল্যাণপুরে ৯ হত্যা: হাসিনাসহ ৮ জনের মামলার শুনানি ফের পেছাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনাসহ ৮ জনের মামলার শুনানি ফের পিছিয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়িতে জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ২৮ অক্টোবর শুনানির জন্য নতুন দিন ধার্য করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ নির্ধারণ করা হয়। এদিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে চিফ প্রসিকিউটর ছুটিতে থাকায় নতুন করে সময় চাওয়া হয় বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মামলাটি এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর অধীনে ছিল। আসামিপক্ষের শুনানি চলাকালে এটি ট্রাইব্যুনাল-২-এ হস্তান্তর করা হয়। ফলে প্রসিকিউশন ও আসামিপক্ষকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুনরায় শুনানি করতে হবে।

এ মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। মঙ্গলবার শুনানির সময় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলায় শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলাম, তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে ‘স্টেট ডিফেন্স’ নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত ২১ জুলাই ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ গঠনের শুনানিতে মামলার ঘটনাস্থলসহ বিস্তারিত বিবরণ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

সে সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের ধরে এনে জঙ্গি আখ্যা দিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অনেকেই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন। বিচার চলাকালে তাদের সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

‘অপারেশন স্টর্ম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটিকে ‘পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করে আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

আরএনবি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর