রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব পালনে আইনি বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব পালনে আইনি বাধা নেই
বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন / সংগৃহীত ছবি

বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা রইল না। নতুন এই কমিটির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (৪ অক্টোবর) রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের (লিভ টু আপিল) শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

এর ফলে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুল রহমানের নেতৃত্বাধীন ২৯ সদস্যের অ্যাডহক কমিটিই দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

আদালত সূত্রে জানা যায়, শুটিং ফেডারেশনের নির্বাচন আয়োজনের লক্ষ্যে এর আগে একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল সরকার। ওই কমিটিকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলেও তারা সেই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়।

এর প্রেক্ষিতে গত ১৮ জুলাই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের কমিটি বাতিল করে নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করে।

২৯ সদস্যের নতুন এই কমিটির সভাপতি করা হয় সেনাবাহিনীর সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুল রহমানকে। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রাজধানী রাইফেল ক্লাবের সদস্য সাকিল শামীমকে।

গঠনের পরপরই নতুন এই কমিটি শুটিং ফেডারেশনের কার্যক্রম এগিয়ে নিতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে।

তবে নতুন এই অ্যাডহক কমিটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আগের কমিটির যুগ্ম সম্পাদক জি এম হায়দারসহ কয়েকজন। সেই রিটের শুনানি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ নতুন কমিটির কার্যকারিতা স্থগিত করে দেয়।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ, শুটিং ফেডারেশন ও সরকারের পক্ষে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার সেই আবেদনের প্রেক্ষিতেই হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ এল।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল  বলেন, আদালতের এই আদেশের অর্থ হলো— সরকার কর্তৃক গঠিত নতুন অ্যাডহক কমিটিই এখন থেকে কার্যকর থাকবে। তারা নিয়মিত কমিটির মতোই কার্যক্রম চালিয়ে যাবে, এতে আর কোনো আইনি বাধা রইল না।

তবে নতুন এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা প্রত্যাশা করছি, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হওয়ার আগ পর্যন্ত এই অ্যাডহক কমিটি তাদের ওপর অর্পিত দায়িত্ব সূচারুরূপে পালন করবে।

আরএনবি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর