রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

আ.লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে, লাগবে দীর্ঘ সময়: প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

আ.লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে, লাগবে দীর্ঘ সময়: প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম / ফাইল ছবি

রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হলেও সারাদেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহের কারণে তা শেষ করতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

রোববার (৪ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির বিরুদ্ধে চলা তদন্তের সবশেষ অবস্থা তুলে ধরেন তিনি।

প্রসিকিউটর তামিম বলেন, ‘আপনারা জানেন যে, পলিটিক্যাল অর্গানাইজেশন (রাজনৈতিক সংগঠন) হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তিনি সারাদেশে এই মামলার তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করছেন।’

তবে এই তদন্ত শেষ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে জানিয়ে তিনি বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শেষ করাটা বিরাট সময়সাপেক্ষ ব্যাপার। কারণ বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, শাখা, উপ-শাখায় যেখানে আওয়ামী লীগের কার্যক্রম আছে, প্রত্যেকটি বিষয়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদনটি জমা দিতে হবে।’

বাংলাদেশে কোনো দলের বা সংগঠনের বিচারের নজির না থাকার বিষয়টি তুলে ধরে এই প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিচার খুবই রেয়ার (বিরল)। দেশে আজ পর্যন্ত কোনো অর্গানাইজেশনের বিচার হয়নি। এজন্য তদন্ত কর্মকর্তা সময় নিচ্ছেন, আমাদের সঙ্গে পরামর্শ করছেন; আমরা তাদের তদন্তে সাহায্য করছি।’

আশা প্রকাশ করে তিনি বলেন, ‘সময় লাগবে, তবে আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই এই তদন্ত প্রতিবেদন আপনারা পেয়ে যাবেন।’

তবে সেই ‘নির্ধারিত সময়টা’ কবে- সাংবাদিকের এমন প্রশ্নে নির্দিষ্ট করে কোনো সময় জানাতে পারেননি প্রসিকিউটর তামিম। জবাবে তিনি বলেন, ‘এই নির্ধারিত সময়টা বলা কঠিন। কারণ অপরাধের কার্যক্রমটা সারাদেশজুড়ে সংঘটিত হয়েছে। এটি সময়সাপেক্ষ ব্যাপার, তাই সময় লাগবে।’

আরএনবি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর