সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সরকারি দফতরে বিআরটিসির বাস ভাড়া দেওয়া বন্ধ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

সরকারি দফতরে বিআরটিসির বাস ভাড়া দেওয়া বন্ধ চেয়ে রিট

সাধারণ যাত্রীদের যাতায়াত সংকট নিরসনে সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ইজারা বা ভাড়া দেওয়া বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব (অর্থ বিভাগ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন, ২০২০’ এর ৫ ও ২২ ধারা অনুযায়ী বিআরটিসির বাস কেবল সাধারণ যাত্রীদের সেবায় ব্যবহৃত হওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সেই নির্দেশনার তোয়াক্কা না করে বাসগুলোকে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে ভাড়া দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত।

রিটে উল্লেখ করা হয়, ‘বিআরটিসির বাস ইজারা নীতিমালা-২০০৭’ এর ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কেবল অভিজ্ঞ বাণিজ্যিক পরিবহন ব্যবসায়ীরাই বাস ইজারা নিতে পারবেন এবং ৫(১৭) অনুচ্ছেদ অনুযায়ী তা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর নিষিদ্ধ। সরকারি প্রতিষ্ঠানকে বাস ইজারা দেওয়া এই নীতিমালার সরাসরি লঙ্ঘন।

এছাড়া জনগণের করের টাকায় কেনা বাস সাধারণ মানুষের ব্যবহারের সুযোগ না দিয়ে সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ রাখা সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী বলেও আবেদনে দাবি করা হয়েছে।

রিটে সামষ্টিক অর্থনীতির তত্ত্ব উল্লেখ করে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানগুলো বিআরটিসি থেকে বাস ভাড়া নিলে রাষ্ট্রের অর্থ এক সরকারি খাত থেকে অন্য সরকারি খাতেই আবদ্ধ থাকে। এতে অর্থনীতির ‘আয়ের বৃত্তাকার প্রবাহ’ বাধাগ্রস্ত হয়। সরকারি দফতরগুলো বেসরকারি খাত থেকে বাস ভাড়া করলে অর্থনীতি গতিশীল হতো এবং কর্মসংস্থান বাড়ত।

অন্যদিকে বিপুল বিআরটিসির বাস সরকারি কর্মকর্তাদের যাতায়াতে ব্যবহার হওয়ায় সাধারণ মানুষ, নারী ও শিক্ষার্থীরা চরম পরিবহন সংকটে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন বলে রিটে উল্লেখ করা হয়েছে।

সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ইজারা বা ভাড়া দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না- রিটে সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

একইসঙ্গে বর্তমানে সরকারি যাতায়াতে ব্যবহৃত সব বিআরটিসির বাস অবিলম্বে প্রত্যাহার করে সাধারণ যাত্রীদের জন্য নিয়মিত বাণিজ্যিক রুটে চালুর সুনির্দিষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে। শিগগিরই হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

আরএনবি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর