২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ (ফরমাল চার্জ) জমা দেওয়া হয় বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
কামাল মজুমদার ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন, ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বাকি আসামিদের নাম এখনও প্রকাশ করেনি প্রসিকিউশন।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের এই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘসময় ধরে তদন্ত করে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। পরে ওই প্রতিবেদন যাচাই-বাছাই শেষে সোমবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা দাখিল করা হয়েছে।
আরএনবি/এমআর




