প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিদেশ সফরকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. রেজাউল হক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ড এবং ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন।
তার এই বিদেশ গমন ও অবস্থানকালে অথবা তিনি দেশে ফিরে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের প্রবীণতম বিচারক হিসেবে বিচারপতি মো. রেজাউল হক বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।
সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তার এই দায়িত্ব পালনে সানুগ্রহ সম্মতি দিয়েছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএনবি/এআরএম




