বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মানবতাবিরোধী অপরাধ: মাসুদ-মোজাফফরের প্রতিবেদন দাখিলে আরও ২ মাস সময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

মানবতাবিরোধী অপরাধ: মাসুদ-মোজাফফরের প্রতিবেদন দাখিলে আরও ২ মাস সময়
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল।

প্যানেলের অপর সদস্য হলেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি এ মামলার অগ্রগতি তুলে ধরে তদন্তের জন্য আরও দুই মাস সময় আবেদন করেন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

এদিন এ মামলায় গ্রেফতার আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনও আদালতে অনুপস্থিত ছিলেন।

অভিযোগ ও আগের শুনানি

এর আগে গত ২৩ জুলাই মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেফতার দেখিয়ে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের (২৩ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছিল।

প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে মোজাফফরের সংশ্লিষ্টতা উঠে এসেছে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। গত ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম এই আসামির বিরুদ্ধে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ (হাজিরা পরোয়ানা) চেয়েছিল প্রসিকিউশন।

অন্যদিকে, চলতি বছরের ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি এক-এগারোর (১/১১) অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত।

আরএনবি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর