সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাবার পেনশনের টাকা প্রতিবন্ধী ছেলেকে দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

বাবার পেনশনের টাকা প্রতিবন্ধী ছেলেকে দিতে হাইকোর্টের রুল
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা মারা যাওয়ার পর তার প্রতিবন্ধী ছেলেকে পেনশনের সুবিধাদি কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আট বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. পারভেজ। তার সঙ্গে ছিলেন মো. খাদেমুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহ সদর এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের গুদাম রক্ষক ছিলেন। ২০১৬ সালের ২০ জানুয়ারি অবসরে যাওয়ার পর তিনি বিধি অনুযায়ী পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন। এর আগে তার স্ত্রীর মৃত্যু হয় এবং চলতি বছরের ৪ মার্চ হাবিবুর রহমানও মারা যান।

মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে যান। তার একমাত্র ছেলে আশফাকুর রহমান শাওন প্রতিবন্ধী হওয়ায় অন্য উত্তরাধিকারীরা (বোনেরা) তাকে এককভাবে পেনশনভোগী হিসেবে মনোনীত করেন।

এর পরিপ্রেক্ষিতে বাবার পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধা নিজের অনুকূলে পেতে গত ১৫ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন শাওন। কিন্তু গত ২৭ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান সেই আবেদনটি নামঞ্জুর করেন।

পরে কর্তৃপক্ষের ওই আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন প্রতিবন্ধী শাওন। সোমবার সেই রিটের শুনানি নিয়েই রুল জারি করেন হাইকোর্ট।

আরএনবি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর