সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাইকোর্টে স্থায়ী হলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

হাইকোর্টে স্থায়ী হলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। তবে তার শপথ কবে হবে, সেটি এখনো জানানো হয়নি।

এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। তার সঙ্গে সে সময় নিয়োগ পাওয়া অপর ২২ জন বিচারককে সম্প্রতি স্থায়ী করা হলেও বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তখন বাদ পড়েছিলেন তিনি।

সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার ন্যূনতম বয়স ৪৫ বছর হতে হয়। সে সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ হবে। এরপর তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সেই ধারাবাহিকতায় এবার বয়সসীমা পূর্ণ হওয়ার পর তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো।

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ব্রিটেন থেকে আইনে ডিগ্রি নিয়েছেন। দেশে ফিরে ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

২০২৪ সালে একসঙ্গে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ২৩ জনের মধ্যে বাকি ২২ জনকে আগেই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থায়ী হওয়া ওই ২২ বিচারপতি হলেন— বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান, বিচারপতি তামান্না রহমান, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।

আরএনবি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর