সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

‘সংবিধানের ১৫৩ অনুচ্ছেদে খুঁজলে ক্রান্তিকালীন সরকারের বৈধতা মিলবে না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

‘সংবিধানের ১৫৩ অনুচ্ছেদে খুঁজলে ক্রান্তিকালীন সরকারের বৈধতা মিলবে না’
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ক্রান্তিকালীন সরকারের বৈধতা কেবল সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদের ভেতরে খুঁজলে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেছেন, এই শূন্যতার আইনি ব্যাখ্যা দিতে হলে জনগণের ‘গাঠনিক ক্ষমতা’ বা ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ এর ওপর নির্ভর করতে হবে।

সোমবার ( ২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান সাংবিধানিক সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সরকার ও বিরোধী দলের মধ্যকার আইনি ও মৌলিক বিষয়গুলোর মুখোমুখি অবস্থানের কথা উল্লেখ করে শিশির মনির তার বক্তব্যকে পাঁচটি ভাগে বিভক্ত করে উপস্থাপন করেন। বিষয়গুলো হলো— সংবিধান ও সাংবিধানিক আইন, সংশোধন নাকি সংস্কার, গণভোট ও ভিন্নমতের (ডিসেন্টিং অপিনিয়ন) মর্যাদা, ক্রান্তিকাল বা ট্রানজিশনাল পিরিয়ড এবং ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের আলোকে বর্তমান আইনি অবস্থান।

আক্ষরিক পাঠে সংবিধানের ‘অপব্যাখ্যা’

সংবিধানের কেবল আক্ষরিক পাঠ দিয়ে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করাকে ‘ভুল ব্যাখ্যা’ (মিসইন্টারপ্রিটেশন) আখ্যা দিয়ে শিশির মনির বলেন, আমাদের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, একটি প্রস্তাবনা ও তফসিল আছে। যারা আক্ষরিক অর্থে পড়তে চান, তারা কেবল এতটুকুই দেখবেন। কিন্তু সংবিধান বুঝতে গেলে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সুপ্রিম কোর্টের অতীত রায় ও স্কলারদের মতামত সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

তিনি আরও বলেন, যারা কেবল ‘ক’ আর ‘খ’-তে কী লেখা আছে তা পড়ে সংবিধান বিশ্লেষণ করছেন, তারা সাংবিধানিক আইন থেকে দূরে সরে যাচ্ছেন। ‘সংশোধন’ নয়, করতে হবে ‘সংস্কার’।

সংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে পার্থক্য তুলে ধরে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, জুলাই সনদের মূল উদ্দেশ্য সংস্কার হলেও পদ্ধতি হিসেবে সংশোধনের কথা বলা হচ্ছে।

সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধির অধীনে বিশেষ কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, এই বিধি অনুযায়ী সংস্কারের উদ্দেশ্যে কমিটি গঠনে আইনগত কোনো বাধা নেই। ২৬৬ বিধিতে কমিটির নাম বলা হয়েছে ‘বিশেষ কমিটি’, এটি কেবল সংশোধনের জন্যই হতে হবে এমন কোনো কথা নেই।

তিনি সতর্ক করে বলেন, সংশোধনের মাধ্যমে সংবিধানের ‘বেসিক স্ট্রাকচার’ বা মৌলিক কাঠামো— যেমন প্রস্তাবনা বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা যায় না। অতীতে পঞ্চম, সপ্তম, অষ্টম, ত্রয়োদশ, পঞ্চদশ ও ষোড়শ সংশোধনী দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হলেও তা টেকেনি। কারণ এগুলো সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি ছিল। এগুলো পরিবর্তন করতে হলে ‘অ্যামেন্ডিং পাওয়ার’ নয়, ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ বা গাঠনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে।

গণভোটের রায় বনাম ভিন্নমত

গণভোটের প্রশ্নে জনগণের মতামতের ওপর জোর দিয়ে শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন গঠন, উচ্চকক্ষ (দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ) প্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে জনগণের ‘হ্যাঁ’ ভোট থাকলে সেখানে কোনো রাজনৈতিক দলের ‘ডিসেন্টিং অপিনিয়ন’ বা ভিন্নমত কার্যকর হতে পারে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, গণভোট বড়, নাকি ভিন্নমত বড়? জনগণকে জিজ্ঞাসা করার পর তারা যখন ম্যান্ডেট দিয়েছে, তখন আপনি যদি ভিন্নমত নিতে চান, তবে তা হবে জনগণের ম্যান্ডেটের লঙ্ঘন।

ক্রান্তিকালের বৈধতা ও জনগণের ‘গাঠনিক ক্ষমতা’

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালকে ‘সাংবিধানিক ভেকুয়াম’ বা শূন্যতা হিসেবে উল্লেখ করে শিশির মনির বলেন, এই সময়ের বৈধতা সংবিধানে খোঁজা বৃথা।

তিনি আরও বলেন, ৫ আগস্ট সরকার শূন্য হয়ে যাওয়ার পর থেকে দেশ কোন আইনে চলছে— এই উত্তর সংবিধানে পাবেন না, সাংবিধানিক আইনে পাবেন। এর নাম হলো ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ বা জনগণের সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা ১৫৩ অনুচ্ছেদে লেখা নেই।

১৯৯১ সালে তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের সরকারপ্রধান হওয়ার দৃষ্টান্ত এবং সুপ্রিম কোর্টের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একবার সংবিধান বানিয়ে ফেললেই নতুন করে সংবিধান বানানোর ক্ষমতা কেড়ে নেওয়া যায় না। আমাদের সুপ্রিম কোর্ট একে ‘রিপোজিটরি অব কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ বলেছে, যা সবসময় জনগণের কাছে থাকে। ৫ আগস্ট ঠিক সেটাই ঘটেছে।

বক্তব্যের শেষে তিনি সতর্ক করে বলেন, এই ক্রান্তিকালের ব্যাখ্যা কেবল জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করলেই দেওয়া সম্ভব। তা না করে কেবল সংবিধানের পাতায় খুঁজলে, বিগত এই দেড় বছরকে ‘সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা’ হিসেবে বিবেচনা করতে হবে। আর তা করলে পরবর্তী সরকারের অবস্থান কী দাঁড়াবে, সেটি ভেবে দেখতে হবে।

আরএনবি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর