সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র স্থগিত
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেলসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের সংশ্লিষ্ট অংশ স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাদের আগের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রটির বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন।

রুলে গত ২৭ আগস্ট জারি করা ওই পরিপত্র কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পরিপত্রটির কার্যকারিতা বাতিল করে কেন আগের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমানোর বিধান স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে আগের মতো তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী ও আইন শিক্ষার্থীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিও করেন তিনি।

রিটকারীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট আবদুল্লাহ সাদিক, অ্যাডভোকেট মো. মিজানুল হক, অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ, অ্যাডভোকেট মোহাম্মদ শানেওয়াজ, অ্যাডভোকেট ছাব্বির রহমান, অ্যাডভোকেট মাহমুদুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম শাহিদী, মো. রাফিউল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান।

রিট আবেদনে বলা হয়, গত ২৭ আগস্ট ‘গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক রক্ষা নির্দেশিকা, ২০২৬’ শীর্ষক একটি পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমানো হয়। রিটে পরিপত্রটি বাতিলের আবেদন জানানো হয়।

শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, পরিপত্রটি বিদ্যমান ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম এবং ‘বাংলাদেশ বনাম আতাউর রহমান ও অন্যান্য’ মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের সঙ্গে সাংঘর্ষিক। ফলে পরিপত্রটি আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং এর কোনো আইনগত কার্যকারিতা থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, এর আগে ২০২৫ সালের ২ মার্চ একই ধরনের একটি পরিপত্র জারি করা হলে হাইকোর্ট ওই বছরের ৬ মার্চ স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো রুল নম্বর ৩/২০২৫) এর কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পরে ৯ মার্চ ওই পরিপত্রটি বাতিল করা হয়েছিল।

পূর্ববর্তী আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও নতুন করে একই ধরনের পরিপত্র জারি করা বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে বলে দাবি করেন এই জ্যেষ্ঠ আইনজীবী।

রিটকারীদের মতে, সরকারের এ ধরনের পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ নীতি এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। শুনানি শেষে আদালত রুল ও অন্তর্বর্তীকালীন এই আদেশ দেন।

আরএনবি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর