বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বুড়িগঙ্গার তীরের বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

বুড়িগঙ্গার তীরের বর্জ্য ১৫ দিনের মধ্য অপসারণের নির্দেশ হাইকোর্টের
হাইকোর্ট ও বুড়িগঙ্গা নদীর তীরে বর্জ্যের স্তূপ

রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে স্তূপ করে রাখা প্লাস্টিকসহ সব ধরনের বর্জ্য আগামী ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এই নির্দেশ বাস্তবায়নের বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক (ডিসি) এবং লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট নাছরিন সুলতানা। এইচআরপিবি-এর পক্ষে আবেদনকারী ছিলেন মোহাম্মদ ছারওয়ার আহাদ চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) খান জিয়াউর রহমান।

শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘বুড়িগঙ্গার পানি দূষণের কারণে ঢাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইচআরপিবি-এর দায়ের করা এক রিট মামলায় ২০১০ সালে হাইকোর্ট বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে নদীর তীরে প্লাস্টিক বা অন্য যে কোনো বর্জ্য ফেলা নিষিদ্ধ করে রায় দিয়েছিল। কিন্তু আদালতের সেই আদেশ অমান্য করে ইসলামবাগ এলাকায় নদীর তীরে শত শত টন প্লাস্টিক বর্জ্য ফেলে রাখা হয়েছে, যা শেষ পর্যন্ত নদীতে মিশে দূষণ বাড়াচ্ছে।’

গত ১৯ আগস্ট প্রকাশিত ঢাকার একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন যুক্ত করে গত ৩০ আগস্ট আবেদনটি দাখিল করে এইচআরপিবি।

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ অংশে বুড়িগঙ্গার তীরে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য ফেলে রাখা হয়েছে, যা আদালতের আগের নির্দেশনার পরিপন্থী।

এই আবেদনে বিবাদী হিসেবে রয়েছেন নৌ-পরিবহন সচিব, স্বরাষ্ট্র সচিব, ওয়াসার এমডি, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকার জেলা প্রশাসকসহ মোট ১৩ জন।

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর