জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
একইসঙ্গে পলাতক থাকা আসামি ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদেশের পর শুনানির বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রসিকিউটর জিএইচ তামিম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সচিব ধনঞ্জয় কুমারের বিরুদ্ধে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল। এই ফরমাল চার্জের উপরে শুনানি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন। এবং এই মামলার একজন আসামি যিনি পলাতক আছেন ধনঞ্জয়, তাকে গ্রেফতার করে হাজির করার জন্য পরবর্তী ধার্য করেছেন।’
অপরাধের ধরন সম্পর্কে এই প্রসিকিউটর আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে উনারা এই আন্দোলন দমনে সহায়তা করেছেন, কমপ্লিসিট করেছেন, নির্দেশ দিয়েছেন...।’
এর আগে বৃহস্পতিবার সকালেই ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়।
মামলার প্রক্রিয়া সম্পর্কে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, এতদিন মামলাটি বিবিধ মামলা (মিসকেস) হিসেবে তদন্তাধীন ছিল। তদন্ত সংস্থা দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আজ ফরমাল চার্জ আকারে তা ট্রাইব্যুনালে পেশ করা হয়েছে। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর কার্যতালিকার দুই নম্বরে ছিল। শুনানির পর আদালত অভিযোগ আমলে নিয়ে আদেশ দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার সকালে পুলিশের কড়া পাহারায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনে দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে আমলাদের বিরুদ্ধে দাখিল হওয়া এটিই প্রথম দিকের অন্যতম আনুষ্ঠানিক অভিযোগ।
আরএনবি/এমআই




