সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

হাইকোর্টে ঝুলে থাকা পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

হাইকোর্টে ঝুলে থাকা পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
ছবি: সংগৃহীত

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল কার্যকর না থাকায় দীর্ঘ ১৯ বছর ধরে হাইকোর্টে আটকে থাকা পুরনো ল্যান্ড সার্ভে মামলাগুলো নিষ্পত্তির পথ উন্মুক্ত হয়েছে।  একটি ‘ফাস্ট আপিল’ নিষ্পত্তি করে হাইকোর্টের দেওয়া এক রায়ে এই আইনি পথনকশা তৈরি হলো। এর ফলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যারা বাধ্য হয়ে হাইকোর্টে রিট বা আপিল করেছিলেন, তারা এখন বিলম্ব মওকুফের আবেদনসহ সংশ্লিষ্ট জেলার ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আইনি প্রতিকার চাইতে পারবেন।

গত ১৮ আগস্ট বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এবং বিচারপতি উর্মী রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

শুক্রবার (২৩ আগস্ট) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। মামলার মূল রায়টি লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান।

আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত

রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণে উল্লেখ করেন, স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট-এর ১৪৫বি ধারার আইনি কাঠামো অনুযায়ী হাইকোর্ট বিভাগ সরাসরি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের স্থলাভিষিক্ত হতে পারে না এবং সাধারণ দেওয়ানি এখতিয়ার অনুযায়ী এই আপিল গ্রহণ বা বিচার করার আইনি সুযোগ নেই। ফলে হাইকোর্টে এই ফার্স্ট আপিলটি আর শুনানি যোগ্য নয়।

আদালত আরও বলেন, সাম্প্রতিক সময়ে আইন সংশোধন ও সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ‘ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল’ কার্যকর হওয়ায় এখন সংশ্লিষ্ট আপিলকারীদের উপযুক্ত ফোরামেই (ট্রাইব্যুনাল) যেতে হবে। একই সঙ্গে এতদিন উপযুক্ত আপিল ট্রাইব্যুনাল না থাকায় হাইকোর্টে রিট ফোরাসহ বিভিন্নভাবে আইনি প্রতিকার চাইতে গিয়ে যে সময়ক্ষেপণ হয়েছে, তা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে বিলম্ব মওকুফের আবেদন বিবেচনা করার নির্দেশ দিয়েছেন আদালত।

ন্যায়বিচারের স্বার্থে আদালত রায়ে নিম্নোক্ত আদেশ ও নির্দেশনা প্রদান করেন

১. সংক্ষুব্ধ বাদী/আপিলকারীদের ঢাকার যথাযথ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে নতুন করে আপিল দায়েরের সুযোগ দেওয়া হলো।

২. এই রায়ের অনুলিপি প্রাপ্তির পর আপিলকারীরা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আপিল দায়ের করলে ট্রাইব্যুনাল তাদের 'বিলম্ব মওকুফ' আবেদন বিবেচনা করবে।

৩. আপিল দায়েরের নির্ধারিত সময়ে কোনো আপিল ট্রাইব্যুনাল বিদ্যমান না থাকায় বাধ্য হয়ে আপিলকারীগণ ভুল ফোরামে (হাইকোর্ট বিভাগে) আবেদন জানিয়েছিলেন; ট্রাইব্যুনালকেও এ বিষয়টি খেয়াল রাখতে হবে।

৪. ফাস্ট আপিলটি নিষ্পত্তি করা হলো এবং নিম্ন আদালতের যাবতীয় নথি ও রায়ের অনুলিপি অবিলম্বে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেওয়া হলো।

প্রেক্ষাপট ও ১৯ বছরের আইনি শূন্যতা

দেশের জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য প্রতিটি জেলায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থাকলেও আপিল ট্রাইব্যুনাল দীর্ঘ ১৯ বছর অকার্যকর ছিল। ‘স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট, ১৯৫০’-এর ১৪৫বি ধারা অনুযায়ী ২০০৪ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই আইনে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কেবল 'আপিল ট্রাইব্যুনালে' যাওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কোনো বিচারককে দায়িত্ব না দেওয়ায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।

দীর্ঘ ১৯ বছর পর ২০২৩ সালের ১১ জুলাই জাতীয় সংসদে আইন সংশোধন করা হয় এবং ২৩ আগস্ট গেজেট জারির মাধ্যমে প্রতিটি জেলার 'জেলা জজ'দের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের দায়িত্ব দিয়ে বিচারিক ফোরাম কার্যকর করা হয়।

এ. কে. এম ফজলুল হক ও অন্যান্য বনাম বায়তুল আমান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. ও অন্যান্য’ মামলায় হাইকোর্ট এই মাইলফলক রায় দেন। 

মামলার নথি অনুযায়ী, ২০০৬ সালে ঢাকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আরএস/বিএস খতিয়ান সংশোধনের দাবিতে মামলা করেন ফজলুল হকসহ অন্যরা। ট্রাইব্যুনাল ২০০৭ সালের ৩ জুলাই বাদীর আবেদন প্রত্যাখ্যান করে রায় দেয়।

সে সময় আপিল ট্রাইব্যুনাল না থাকায় সংক্ষুব্ধরা ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টে ‘ফাস্ট আপিল’ দায়ের করেন। যদিও এটি একটি ভুল ফোরাম ছিল, কিন্তু বিকল্প না থাকায় হাইকোর্ট তখন এটি গ্রহণ করেছিলেন।

সম্প্রতি মামলাটি শুনানিতে এলে আপিলকারীদের আইনজীবী মো. ইফতেখার আহমেদ যুক্তি দেন যে, বর্তমানে সঠিক ফোরাম কার্যকর হওয়ায় সেখানে যাওয়ার সুযোগ দিয়ে মামলাটি নিষ্পত্তি করা সমীচীন। আদালত সেই যুক্তির ভিত্তিতেই এই দিকনির্দেশনামূলক রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইফতেখার আহমেদ। তবে বিবাদীপক্ষে কেউ উপস্থিত ছিলেন না।

এমআইকে/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর