মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে দুজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে লিটনসহ পলাতক ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া মামলাটিতে গ্রেফতার থাকা আরও ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ (প্রোডাকশন ওয়ারেন্ট) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। শুনানিকালে তিনি ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি আদালত কক্ষে তিনটি ভিডিও ফুটেজ প্রদর্শন করেন। এসব ভিডিওতে আসামিদের অস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা যায় বলে জানান । ভিডিওচিত্র ও প্রাথমিক প্রমাণ বিবেচনা করে আদালত অভিযোগটি আমলে নেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

কারাগারে থাকা আসামিরা হলেন— রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ৩৪ জনের মধ্যে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত ও বাপ্পী চৌধুরী রনি।

এরআগে গত ৩০ জুলাই এই ৩৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে রায়হান আলীকে হত্যা করা হয়। একই দিন শাহ মখদুম কলেজের সামনে প্রাণ হারান আনজুম সাকিব। এছাড়া ওই এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের হামলায় সালমান ওরফে শিমুলসহ আরও অনেকে গুরুতর আহত হন।

প্রসিকিউশনের দাবি, আলুপট্টি মোড়, শেখেরচক ও পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় সংঘটিত এসব সহিংসতা ও হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের শামিল।

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর