বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিএনপির সারোয়ারের প্রার্থিতা বৈধ কি না, জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৪ এএম

শেয়ার করুন:

বিএনপির সারোয়ারের প্রার্থিতা বৈধ কি না, জানা যাবে আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে জয় পাওয়া বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা নিয়ে আজ (বৃহস্পতিবার) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বৃহস্পতিবারের (৯ জুলাই) কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

এর আগে গত ২ জুলাই শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতের আদেশে নির্বাচনে অংশ নিলেও সর্বোচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের ফলাফল স্থগিত রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয়। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। গত ২৭ জানুয়ারি রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে এবং ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়।

তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। গত ৩ ফেব্রুয়ারি লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়, সারোয়ার আলমগীর নির্বাচনে জয়ী হলেও এ-সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল (যতটুকু প্রার্থী হিসেবে তার জন্য প্রযোজ্য) স্থগিত থাকবে)।


লিভ টু আপিল মঞ্জুরের পর গত ৩১ মার্চ নিয়মিত আপিল করেন জামায়াতের প্রার্থী। ওই আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ দ্রুততম সময়ে (সম্ভাব্য দুই সপ্তাহের মধ্যে) হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৩ ফেব্রুয়ারির ফলাফল স্থগিতের আদেশটি বহাল রাখা হয়।

এর ধারাবাহিকতায় গত ২১ জুন রিটটি চূড়ান্ত শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে এবং শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেন।

আদালতে রিট আবেদনকারীর (সারোয়ার আলমগীর) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, এ এম মাহবুব উদ্দিন খোকন ও নাসির উদ্দিন আহমেদ অসীম। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন।

অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও আবদুল্লাহ সাদিক। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাজু মিয়া।

আরএনবি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর