বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হামে মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ ১২ জুলাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

হামে শিশু মৃত্যু: ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ ১২ জুলাই
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা, আইন অমান্য এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদনের আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৫ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

অন্য দুই আসামি হলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে সকালে একই আদালতে চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, তার নয় মাস বয়সী মেয়ে সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যাসংকট, অক্সিজেনের অভাব এবং চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে।

আবেদনে আরও বলা হয়, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি। পরে হামে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তাদের অবহেলার কারণে দেশজুড়ে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে।

এতে আরও অভিযোগ করা হয়, বিবাদীদের কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং আইনগত দায়িত্বে অবহেলার শামিল।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর