আর্জেন্টিনার সমর্থকদের জন্য মামলার পরামর্শ ফিতে ছাড় দেওয়ার ঘোষণা দেওয়ায় আইনজীবী মিঠুন সাহাকে শোকজ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
রোববার (৭ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে শোকজ করা হয়।
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংযুক্ত ছবিতে দেখা গেছে, তিনি আইনজীবীর পেশাগত পোশাকের পরিবর্তে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের জার্সি পরে অফিসে বসে আইনসেবা দিচ্ছেন। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আর্জেন্টিনার জার্সি পরে আইনসেবা নিতে এলে অর্ধেক ফি নেওয়ার বিশেষ প্রস্তাব ঘোষণা করেছেন।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের আচরণ বাংলাদেশ বার কাউন্সিল প্রণীত আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচারবিষয়ক বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে আইনজীবীর পেশাগত আচরণ সব সময় শৃঙ্খলাপূর্ণ হতে হবে এবং আইনসেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বাণিজ্যিক প্রস্তাব বা প্রচারণা আইনজীবীর মর্যাদা ও পেশাগত আচরণের পরিপন্থী।
বার কাউন্সিলের ভাষ্য, তাঁর এ ধরনের কর্মকাণ্ড আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং জনসাধারণের আস্থা নষ্ট করেছে। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে একাধিকবার সতর্ক করার পরও তিনি এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
নোটিশে মিঠুন সাহাকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এআর




