ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২২-২০২৩) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।
গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতির এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় শনিবার সকালে।
বিজ্ঞাপন
এই নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩ পদের বিপরীতে ১৭টিতে বিজয়ী হয়েছে। আর বিএনপিপন্থী নীল প্যানেল দুটি সম্পাদকীয় এবং চারটি সদস্য পদে জয় পেয়েছে।
আওয়ামী লীগপন্থী প্যানেলের বিজয়ীরা হলেন: সভাপতি পদে মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে একেএম শফিকুল ইসলাম (স্বপন)।
সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজুর রহমান মন্টু, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান এবং সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী (টিপু)।
ট্রেজারার পদে মোহাম্মদ নূর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন ( দীপা), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আরাকান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান (মনির)।
বিজ্ঞাপন
সদস্য পদে বিজয়ীরা হলেন ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স, আবুল বাশার ও মো. জাহাঙ্গীর আলম জাহিদ।
এদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে মোশাররফ হোসেন মোল্লা জয় পেয়েছেন। নীল প্যানেলের বিজয়ী সদস্যরা হলেন- ফয়সাল কবির (সৌরভ), ফরিদুল হাসান (তুষার), মোজাহিদুল ইসলাম ও মশিউর রহমান (মানিক)।
এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির প্রায় ২৬ হাজার আইনজীবীর মধ্যে এবার ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৮৪৭ জন। দুই দিনে ভোট দিয়েছেন ১১ হাজার ২৮৫ জন আইনজীবী।
২৫ ফেব্রুয়ারি শুক্রবার সারাদিন এবং সারারাত ভোট গণনা শেষে শনিবার সকালে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
এবার সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর পি.পি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আবু।
২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে সভাপতিসহ ১৫ পদে জয় লাভ করেন আওয়ামী লীগপন্থীরা। আর সাধারণ সম্পাদকসহ আট পদ পান বিএনপিপন্থীরা। এর আগে ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং সাদা প্যানেল ছয়টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করে।
এআইএম/জেবি

