বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাচ্ছেন হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ আসামি 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

Hasan
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী হাছান মাহমুদ ও নওফেল

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাচ্ছেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৭ আসামি। 

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একইসঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেন।

এ মামলায় মোট আসামি ২২ জন। যার মধ্যে অধিকাংশই পলাতক। গ্রেফতার হয়েছেন ৫ জন। বুধবার চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ।

পলাতক আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, দেবাশীষ পাল দেবু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।


বিজ্ঞাপন


আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন জানান এবং শুনানির জন্য সময় প্রার্থনা করেন। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে হত্যার দায় উল্লেখ করা হয়। 

এছাড়া মামলার তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা ও আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর