বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
রিটে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিতের আবেদন করা হয়েছিল।
এ বিষয়ে সাতজন আইনজীবী ৩০ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
আদালতে বিসিবির পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম রহমান।
রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, এনএসসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে।
বিজ্ঞাপন
আবেদনকারীদের একজন আইনজীবী মো. গোলাম কিবরিয়া জানান, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে অ্যাডহক কমিটি গঠন করা যায়, তবে বিসিবির ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতি প্রমাণিত হয়নি।
তাঁর দাবি, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আইনসম্মত নয়—এই কারণেই রিটটি করা হয়েছিল।
উল্লেখ্য, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।
গঠিত কমিটির সভাপতি করা হয় তামিম ইকবাল খানকে। কমিটিতে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান।
অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু রয়েছেন।
এ ছাড়া কমিটিতে আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এআর




