জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে বিপ্লব শেখ নামে এক যুবককে (১৯) গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
বিজ্ঞাপন
এদিন তিন দিনের রিমান্ড শেষে মাসুদ চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অন্যদিকে মাসুদ চৌধুরীর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।
গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। গত ২৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম বিপ্লব হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
গত ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম মাসুদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় চলমান আন্দোলনে অংশ নেন বিপ্লব শেখ। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত বছরের ১ জুলাই মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত বিপ্লবের পরিবার। মাসুদ চৌধুরী সে মামলার একজন এজাহারনামীয় আসামি।
এএইচ




