মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

চতুর্থ দফায় আরও ৩ দিনের রিমান্ডে আফজাল নাছের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

AN
পুলিশি পাহারায় আদালতে নেওয়া হচ্ছে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছেরকে

চতুর্থ দফায় আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হলো সাবেক ডিজিএফআই কর্মকর্তা (সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল) মো. আফজাল নাছেরকে। 

চব্বিশের জুলাই আন্দোলনে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে এই আদেশ দিয়েছেন আদালত। 


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ। 

এদিন আসামিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন জবি শিক্ষার্থী অনিক। এরপর অনিককে প্রথমে ন্যাশনাল মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর ভুক্তভোগী অনিক নিজে বাদী ২৫৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। আফজাল নাছের মামলাটির একজন এজারহারভুক্ত আসামি।

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ডিজিএফআইয়ের সাবেক এই কর্মকর্তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে গত ২৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ গণঅভ্যুত্থান চালাকালীন রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় মাহমুদুল হাসান (২৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আফজাল নাছেরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এরপর ২৭ এপ্রিল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন দ্বিতীয় দফায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ এপ্রিল তৃতীয় দফায় তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। এবার চতুর্থ দফায় আরও তিন দিন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর