দুই দশক আগে সাভারের আমিনবাজার এলাকায় ট্রলার চালক মর্তুজা আলীকে হত্যার ঘটনায় করা মামলায় দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আ. মান্নান ও মো. চান মিয়া ওরফে মারুফ।
রোববার (৩ মে) ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরো ছয় মাসের কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামি চান মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ২৬ জুলাই বিকেলে সাভারের আমিনবাজার এলাকার ট্রলার চালক মর্তুজা আলী ডিজেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ৩০ জুলাই শ্যামলাসি হাওরের কচুরিপানার মধ্য থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের চাচা মো. ইব্রাহিম বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুস সাত্তার আদালতে চার্জশিট দাখিল করেন।
বিজ্ঞাপন
২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
এএইচ




