ঝড়-বৃষ্টির বৈরী আবহাওয়ার মধ্যেই ঢাকা আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় পুরান ঢাকায় সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত তা চলবে।
একই সূচিতে বৃহস্পতিবারও ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন। তার নেতৃত্বে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছেন।
বিজ্ঞাপন
এবার নির্বাচনি মাঠে নেই আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে নির্বাচন করা বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা এবার একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থক আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বা ‘নীল প্যানেলে’ এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থকরা আইনজীবী ঐক্য পরিষদ বা ‘সবুজ প্যানেলে’ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে ২৩টি পদে প্রার্থী হয়েছেন মোট ৫৫ জন। তাদের মধ্যে ২৩ জন করে ৪৬ জন প্রার্থী বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের, বাকি ৯ জন স্বতন্ত্র।
বিজ্ঞাপন
তাদের মধ্যে থেকে সমিতির নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দেবেন ২১ হাজার ৭৩১ জন আইনজীবী।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য বা নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে জামায়াত-এনসিপি সমর্থিত ১১ দলীয় জোটের সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিক লড়ছেন।
উল্লেখ্য, চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম নির্বাচন হচ্ছে ঢাকা বারে। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবার নির্বাচনে অংশ নিচ্ছে না।
এআরএম




