দেশের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাচ্ছেন বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন।
বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। আজই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে।
বিজ্ঞাপন
চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর ১৭তম অ্যাটর্নি জেনারেল হন বিএনপিপন্থী আইনজীবী মো. আসাদুজ্জামান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচন করেন। ঝিনাইদহ-১ আসন থেকে বিজয়ী হয়ে তিনি ইতোমধ্যে বিএনপি সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, অ্যাটর্নি জেনারেল হলো সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীগণের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন। অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেলকে কিছুসংখ্যক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।
জেবি

