রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে প্রায় ২০টি কুকুরকে নির্মমভাবে হত্যার দায়ে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর ধলপুরের লিচু বাগান এলাকায় লোহার রড, সাঁড়াশি ও প্রাণঘাতি ইনজেকশন দিয়ে ২০টি কুকুরকে হত্যা করে বস্তায় ভরে নিয়ে যায়। পরে ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়।
আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অ্যানিমেল লাভারস অব বাংলাদেশ ও মামলার বাদী মো. মারুফুল হকসহ অন্যান্য স্বেচ্ছাসেবীদের ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি ও ভয়ভীতি দেখায়।
বিজ্ঞাপন
এ ঘটনার দুই দিন পর অ্যানিমেল লাভারস অব বাংলাদেশের পক্ষে আদালতে একটি মামলা দায়ের করেন মো. মারুফুল হক।
মামলার তদন্ত শেষে আবুল খায়ের মোল্লা, মো. অপু ও মো. মানিকদের বিরুদ্ধে কুকুর হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। সে জন্য তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।
২০২৪ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
একেএস/এএইচ

