জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার মামলার রায় আজ হচ্ছে না। বুধবার (৪ মার্চ) এ তথ্য জানায় ট্রাইব্যুনাল।
নতুন সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের জন্য প্রসিকিউশন চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছে। তবে রায়ের নতুন তারিখ এখনো নির্ধারণ করেনি ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ আবেদনের শুনানি হয়। প্রসিকিউটর শাইখ মাহদী আদালতে জানান, নতুন তথ্য-প্রমাণ হাতে আসায় সেগুলো দাখিলের সুযোগ চাওয়া হয়েছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার জন্য ৪ মার্চ দিন ধার্য করেছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়ক সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে প্রাণ বাঁচাতে আশ্রয় নেন আমির হোসেন নামে এক তরুণ। একপর্যায়ে তিনি ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন। অভিযোগ রয়েছে, তখন পুলিশের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুরুতর আহত হন তিনি। একই দিন ওই এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে আরও দুজন নিহত হন।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ–এর সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। মামলায় একমাত্র গ্রেফতার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।
বিজ্ঞাপন
এম/এফএ

