এখন থেকে অধস্তন আদালতে পুরো ডিসেম্বর মাসজুড়ে বার্ষিক ছুটি থাকবে না। এর পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন এবং জুন মাসে ১৫ দিন ছুটি থাকবে। অর্থাৎ, টানা এক মাসের পরিবর্তে দুই দফায় এক মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকেরা।
সোমবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
সভা সূত্র জানায়, প্রতিবছর ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ফুলকোর্ট সভায় আরও জানানো হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে। এরই মধ্যে ছয়জন কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সচিবালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন। বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।
এআর

