বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রোজা ও পূজা বিতর্ক: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

রোজা ও পূজা বিতর্ক: আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
আইনজীবী শিশির মনির। ছবি: সংগৃহীত

রোজা ও পূজাকে মুদ্রার ‘এপিঠ-ওপিঠ’ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য রিদওয়ান হোসেন রবিন রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলা করেন। আবেদনে ‘ডিএসএন’ নামে একটি ইউটিউব চ্যানেলকেও বিবাদী করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ দশমিক ৪ শতাংশ মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ বিশ্বাস করেন- ‘আল্লাহর কোনো আকার নেই এবং সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন; যার পুরস্কার আল্লাহ নিজের হাতে প্রদান করবেন’। আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনই একত্রে উদাহরণ হিসেবেও ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে। এ ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, কিছুদিন পূর্বে শিশির মনির ইচ্ছাকৃতভাবে DSN নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় একটি ভিডিওতে ‘রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ উল্লেখ করেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সাইবার স্পেসে প্রচার ও প্রকাশ করে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মীয় উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে ইসলাম ধর্মে বিশ্বাসী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর