রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিবের দায়িত্বে হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিবের দায়িত্বে হাবিবুর রহমান

রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন প্রধান বিচারপতি।

সচিবালয়ের কার্যক্রম শুরু করতে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে সোমবার (১ ডিসেম্বর) অফিস আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।


বিজ্ঞাপন


এর আগে রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করে।

সুপ্রিম কোর্টের অফিস আদেশে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম অবিলম্বে শুরু করতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ এর অনুচ্ছেদ ৪ অনুযায়ী প্রধান বিচারপতির অভিপ্রায়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব (সিনিয়র সচিব সমমর্যাদা) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

অধ্যাদেশ জারির পর রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিতকরণে প্রধান বিচারপতির উদ্যোগে গত বছরের ২৭ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে হাইকোর্ট বিভাগ কর্তৃক অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ যথাযথরূপে পালনের উদ্দেশ্যে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অধ্যাদেশের খসড়া, প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেস এর সম্ভাব্য সংস্কার সম্পর্কে পরিপূর্ণ প্রস্তাব পাঠানো হয়।


বিজ্ঞাপন


সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সহযোগিতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন আজ বাস্তবরূপ পেয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট।

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর