বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ফেল করার পর রিভিউ আবেদনে উত্তীর্ণ ১৯১৪ জনের ফলাফল বাতিল করা হয়েছে। তাদের নতুন করে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এমন সিদ্ধান্তের প্রতিবাদে ফেল করা শিক্ষানবিশ আইনজীবীরা বার কাউন্সিলে বিক্ষোভ করছেন। তারা ভাইভা নিতে আসা বিচারপতিদের পথরোধ করে বিক্ষোভ করছেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বার কাউন্সিল ভবনে প্রবেশের মূল ফটকে তারা বিক্ষোভ করেন। এতে দুর্ভোগে পড়েছেন নির্ধারিত দিনের ভাইভা দিতে আসা হবু আইনজীবীরা।
বিজ্ঞাপন
বিকেল চারটার দিকে একজন বিচারপতি বার কাউন্সিলে প্রবেশ করতে গেলে প্রথমে তার গাড়ির সামনে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। পরে তাদের দেওয়া একটি লিখিত পেপারসহ বিচারপতি ভবনে প্রবেশ করেন।
সোয়া চারটার দিকে আরেকজন বিচারপতি আসার পর তারও গাড়ি আটকে দেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন
বার কাউন্সিলের রিভিউতে ১৯১৪ জনের ফল বাতিল, ফের দিতে হবে লিখিত পরীক্ষা
সিনিয়র অ্যাডভোকেট হলেন ১২ আইনজীবী
এর আগে রোববার বার কাউন্সিল থেকে বলা হয়েছে, বার কাউন্সিলের গত ২৮ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফল গত ২০ অক্টোবর প্রকাশিত হয়েছে। যেখানে ৭ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উক্ত লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের পক্ষ থেকে ফলাফল পুনঃমূল্যায়ণের জন্য বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির নিকট বিভিন্নভাবে আবেদন/অনুরোধ জানানো হয়েছিল এবং বাংলাদেশ বার কাউন্সিলের অধিকাংশ নির্বাচিত সদস্য এনরোলমেন্ট কমিটির সভায় সশরীর উপস্থিত হয়ে উক্ত আবেদনসমূহ আমলে নেওয়ার জন্য এনরোলমেন্ট কমিটির নিকট অনুরোধ করেন। সেই প্রেক্ষিতে এনরোলমেন্ট কমিটি নিজ সহজাত ক্ষমতা প্রয়োগ করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে রিভিউ আবেদন আহ্বান করেছিলেন। বিগত ২৬ অক্টোবর উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত লিখিত পরীক্ষায় অকৃতকার্য হওয়া ৭হাজার ৫৫৮ জন প্রার্থী তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্র রিভিউ করার আবেদন দাখিল করেছেন। অর্থাৎ, শতকরা হিসেবে প্রায় ৮২ শতাংশ অকৃতকার্য প্রার্থী নিজ নিজ উত্তরপত্র পুনঃমূল্যায়ণের আবেদন দাখিল করেছেন। এনরোলমেন্ট কমিটি উল্লিখিত সংখ্যক আবেদন মাত্রাতিরিক্ত বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে, রিভিউ আবেদনকারী প্রার্থীগণের মধ্যে যেসব অকৃতকার্য প্রার্থী লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪৭ নম্বর পেয়েছে তাদেরকে ৩ নম্বর গ্রেইস হিসেবে প্রদানপূর্বক বার কাউন্সিল পরীক্ষা-বিধি অনুযায়ী পাস মার্ক নূন্যতম ৫০ বিবেচনাকরত সংশ্লিষ্ট প্রার্থীদেরকে গত ১৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ ঘোষণা করেন।
বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, রিভিউ ফলাফল প্রকাশের পর অকৃতকার্য প্রার্থীরা তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবারো আবেদন/অনুরোধ পেশ করেছেন এবং বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি অদ্য ২৩ নভেম্বর বিশেষ জরুরি সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, বিগত ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিলপূর্বক রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৯ নভেম্বর পূর্বনির্ধারিত এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষা গ্রহণের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং উক্ত পরীক্ষা গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে। পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।
বিইউ/জেবি

