রাজশাহীতে বিচারকের বাসায় হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সকল পর্যায়ের বিচারকের নিরাপত্তার জন্য গাড়ি ও গানম্যান বরাদ্দের দাবি জানিয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয় আইন পরিরক্ষকদের পক্ষ থেকে।
বিজ্ঞাপন
রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলেকে হত্যা এবং পরিবারের অন্যান্য সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায়, দেশের সকল বিচারক ও তাদের পরিবারের সদস্যসহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন পরিবার এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন এডভোকেট মীর হালিম, এডভোকেট আরিফুর রহমান, এডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল), ডাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ আইন বিষয়ক সম্পাদক সাফওয়ান হাসান তামিম প্রমুখ।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন রাজশাহীতে বিচারকের বাসায় হামলার পর অভিযুক্তকে দিয়ে মিডিয়া ট্রায়ালের কারণে পুলিশের কঠোর সমালোচনা করেন। তিনি বক্তব্যে সকল পর্যায়ের বিচারকের সার্বিক নিরাপত্তায় গাড়ি ও গানম্যান বরাদ্দের দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মেহেদী হাসান শিমুল, অপরাজিতা, সোলাইমান, শিশির তামিমসহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এআইএম/এআর

