আপিল বিভাগ আওয়ামী লীগের আমলের মতো আচরণ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
সোমবার (১০ নভেম্বর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের পর হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিকের জামিন শুনানি চলছিল।
শুনানিতে জামিন দেওয়ার জন্য আপিল বিভাগকে বারবার অনুরোধ করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, ‘আই উইল নট অ্যালাউ এনি সাউড কমেন্ট।’
এ সময় কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ব্যারিস্টার খোকন বলেন, আগের আওয়ামী লীগের সময় যাকে-তাকে ট্যাগ দিয়ে এভাবে জামিন স্থগিত করা হতো, এখনও তাই হচ্ছে। পরে আপিল বিভাগ বলেন, বসুন, এ মামলায় এখন আমরা জামিন দেব না।
পরে আপিল বিভাগ হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিকের জামিন স্থগিত রাখার আদেশ দেন।
তবে এরপরও সিনিয়র এই আইনজীবী কথার লড়াই চালিয়ে যান। এক পর্যায়ে বিরক্ত হয়ে পাশের দুই বিচারপতির সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, মো. আব্দুল হক প্রামাণিক জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে হওয়া তিনটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলার আসামি।
বিজ্ঞাপন
তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা এবং সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যা চেষ্টা মামলারও আসামি।
হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামাণিক দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
তার পক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০ থেকে ২৫ জন আইনজীবী জামিন আবেদনের শুনানিতে অংশ নেন।
শুনানি শেষে বিচারক দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন এবং অপর দুটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এআইএম/এআর

