রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম

শেয়ার করুন:

চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়াবহ গ্রেনেড হামলার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৪ সালের এই দিনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে এই গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতা-কর্মী। তবে ২১ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আলোচিত এই মামলার। বৃহস্পতিবার (২১ আগস্ট) আসামিপক্ষের আপিল শুনানি শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ঘটনার ১৪ বছর পর বিচারিক আদালত এ–সংক্রান্ত মামলার (হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইন) মামলার রায় দেন। গত বছর হাইকোর্ট ওই রায় বাতিল করে দেন। আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর এখন শুনানি চলছে।

এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ।

আসামিপক্ষের দাবির প্রেক্ষিতে আলোচিত এই মামলায় তারেক রহমানকে জড়ানোর জন্য দ্বিতীয়বার তদন্ত ও মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়।

গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা হয়।

২০১৮ সালে বিচারিক আদালত দু’টি মামলারই রায় দেন। এতে লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া রায়ের পর মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে।

এআইএম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর