সিপিএলধারীদের ATR 72 ফার্স্ট অফিসার হিসেবে ক্যারিয়ার শুরুর সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ‘ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)’ পদে ফ্লাইট অপারেশনস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি-তে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।
প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।
ক্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট ও ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে।
প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাকে অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে গুরুতর কোনো ঘটনা ও গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা থাকা যাবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।
নিয়োগ সংক্রান্ত ব্যাপারে ইউএস-বাংলা এয়ারলাইন্সে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই।
বিইউ/এএইচ



