শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দিতে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ারভিত্তিক সেমিনার ‘জার্নি টু ক্যারিয়ার’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ইন্সটিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিডিজবস ডটকম এবং তৌহিদ অ্যাসোসিয়েটসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ কেপায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. শওকত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ ইন্সট্রাকটর ও বিভাগীয় প্রধান (সিভিল) প্রকৌশলী মো. জামসেদুল আলম।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন টিভিইটি কনসালট্যান্ট মো. তৌহিদুজ্জামান, বিডিজবসের এজিএম মোহাম্মদ আলী ফিরোজ এবং ম্যানেজার মো. আবু হাসান টুটুল।
বক্তারা চাকরি বাজারের বর্তমান প্রবণতা, পেশাগত সিভি তৈরির কৌশল, ইন্টারভিউতে সফলতার প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি প্রকৌশলী কেপায়েত উল্লাহ শিক্ষার্থীদের এমন উদ্যোগে অংশগ্রহণে উৎসাহিত করেন এবং আয়োজক প্রতিষ্ঠানগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৌহিদ অ্যাসোসিয়েটসের কো-অর্ডিনেটর তানজিদ শুভ্র। তিনি জানান, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তৌহিদ অ্যাসোসিয়েটস নিয়মিত অনলাইন ও অফলাইনে এমন সেমিনার আয়োজন করে আসছে। এর আগে ঢাকা, সিলেট, বরিশাল, রংপুর, নোয়াখালী ও কিশোরগঞ্জে ‘ক্যারিয়ার মিট আপ’ আয়োজন করা হয়েছে।




