হিমালয়ের কোলে ছোট্ট এক রাজ্য সিকিম। প্রায় সাড়ে তিনশ বছর ধরে নিজস্ব রাজা, সরকার ও প্রশাসন নিয়ে স্বতন্ত্র পরিচয়ে টিকে ছিল ভূখণ্ডটি। কিন্তু ১৯৭৫ সালের এপ্রিলে কয়েক দিনের ব্যবধানে বদলে যায় তার ভাগ্য। ভারতীয় সেনারা ঘিরে ফেলে রাজপ্রাসাদ। নিরস্ত্র করা হয় রাজার নিরাপত্তারক্ষীদের। এরপর রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে আয়োজন করা হয় বিতর্কিত গণভোট। আর সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই স্বাধীন সিকিমের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ভারতের ২২তম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে সিকিম।
কিন্তু একটি স্বাধীন রাজ্য কীভাবে প্রতিবেশী দেশের অঙ্গরাজ্যে পরিণত হলো? গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন কি শেষ পর্যন্ত ভারতের সঙ্গে একীভূত হওয়ার পথ তৈরি করেছিল, নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে কাজে লাগিয়ে নিজেদের কৌশলগত লক্ষ্য পূরণ করেছিল নয়া দিল্লি? সিকিমের রাজতন্ত্রের পতন ও ভারতের সঙ্গে একীভূত হওয়ার নেপথ্যে রয়েছে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, কূটনৈতিক তৎপরতা, সামরিক ভূমিকা এবং নানা বিতর্ক।
সিকিমে প্রথম দিকে লেপচা জনগোষ্ঠীর বসবাস ছিল। পরে তিব্বত থেকে ভুটিয়া জনগোষ্ঠীর আগমন ঘটে। ১৬৪২ সালে ফুন্টসোগ নামগিয়ালকে সিকিমের প্রথম চোগিয়াল বা রাজা হিসেবে অভিষিক্ত করা হয়। এর মধ্য দিয়ে নামগিয়াল রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রায় সাড়ে তিনশ বছর এই রাজবংশই সিকিম শাসন করে।
উনিশ শতকে হিমালয় অঞ্চলে ব্রিটিশদের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হলে সিকিমের গুরুত্ব বাড়ে। ভারত, নেপাল, ভুটান ও তিব্বতের মধ্যবর্তী অবস্থানের কারণে অঞ্চলটি ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ১৮১৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিকিমের মধ্যে তিতালিয়া চুক্তি হয়। ১৮৩৫ সালে সিকিমের চোগিয়াল দার্জিলিং অঞ্চল ব্রিটিশদের কাছে হস্তান্তর করেন। পরে ১৮৬১ সালের তুমলং চুক্তির মাধ্যমে সিকিম কার্যত ব্রিটিশ প্রভাবাধীন রাজ্যে পরিণত হয়। তবে ব্রিটিশ শাসনামলে এটি সরাসরি ব্রিটিশ ভারতের কোনো প্রদেশ ছিল না।
১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর সিকিমের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। তখনও নামগিয়াল রাজপরিবারের শাসন বহাল ছিল। ১৯৫০ সালের ৫ ডিসেম্বর ভারত ও সিকিমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সিকিম ভারতের আশ্রিত রাজ্য বা প্রটেক্টরেটের মর্যাদা পায়। অভ্যন্তরীণ শাসন ও রাজতন্ত্র বহাল থাকলেও প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি ও যোগাযোগের দায়িত্ব ভারতের হাতে চলে যায়। অর্থাৎ, সিকিম তখনও ভারতের অঙ্গরাজ্য হয়নি; তবে স্বাধীনভাবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষমতা হারায়।
এদিকে সিকিমের ভেতরে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। বিশেষ করে নেপালি বংশোদ্ভূত সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক প্রতিনিধিত্ব ও সমান ভোটাধিকারের দাবি জোরালো হয়। ঐতিহাসিকভাবে শাসনক্ষমতা ছিল রাজপরিবার ও অভিজাত শ্রেণির হাতে। এ ব্যবস্থায় বৈষম্যের অভিযোগ থেকেই গণতান্ত্রিক আন্দোলন গড়ে ওঠে।
১৯৫৩ সালে সিকিমে রাজ্য পরিষদ গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েক দফা নির্বাচন হলেও প্রতিনিধিত্বের ব্যবস্থা ও রাজপরিবারের প্রভাব নিয়ে অসন্তোষ কাটেনি। ১৯৭৩ সালে নির্বাচনি অনিয়ম ও রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। রাজধানী গ্যাংটকে বিক্ষোভকারীরা রাজপ্রাসাদ ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় চোগিয়াল ভারতের সহায়তা চান।
১৯৭৩ সালের ৮ মে ভারত সরকার, সিকিমের চোগিয়াল এবং প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য ছিল গণতান্ত্রিক ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে প্রশাসনিক ক্ষমতা বাড়ানো। তবে এই চুক্তির ফলে সিকিমের প্রশাসনে ভারতের প্রভাব আরও বিস্তৃত হয়।
এ সময় সিকিমের রাজা ছিলেন পালদেন থোনদুপ নামগিয়াল। ১৯৬৫ সালে তিনি চোগিয়াল হন। তার স্ত্রী ছিলেন মার্কিন নাগরিক হোপ কুক। সিকিমের স্বতন্ত্র পরিচয় ও অধিকতর স্বায়ত্তশাসনের পক্ষে হোপ কুকের বিভিন্ন বক্তব্য ভারতকে উদ্বিগ্ন করে। ভারতের আশঙ্কা ছিল, সিকিমের রাজপরিবার স্বাধীন অবস্থান জোরদার করতে পারে। হোপ কুকের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সংশ্লিষ্টতা ছিল বলেও জানা যায় নানা বর্ণনায়।
১৯৭৪ সালে সিকিমে নির্বাচন অনুষ্ঠিত হয়। কাজী লেন্দুপ দর্জির নেতৃত্বাধীন সিকিম কংগ্রেস ৩২টি আসনের মধ্যে ৩১টিতে জয়ী হয়। নতুন সংবিধানের মাধ্যমে চোগিয়ালের ক্ষমতা কমিয়ে নির্বাচিত সরকারের কর্তৃত্ব বাড়ানো হয়। একই বছর ভারতের সংবিধানের ৩৫তম সংশোধনীর মাধ্যমে সিকিমকে ‘সহযোগী রাজ্য’ বা অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দেওয়া হয়। ভারতের সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলেও তখনো সিকিম পূর্ণাঙ্গ অঙ্গরাজ্য হয়নি।
১৯৭৫ সালের শুরুতে নির্বাচিত সরকার ও চোগিয়ালের বিরোধ আরও তীব্র হয়। ৬ এপ্রিল ভারতীয় সেনারা রাজপ্রাসাদ ঘিরে ফেলে। কয়েক দিনের মধ্যে প্রাসাদের নিরাপত্তারক্ষীদের নিরস্ত্র করা হয়। এর মধ্য দিয়ে চোগিয়ালের হাতে থাকা সামরিক ক্ষমতার অবসান ঘটে। যুক্তরাষ্ট্রের তৎকালীন কূটনৈতিক নথিতেও রাজপ্রাসাদের নিরাপত্তারক্ষীদের নিরস্ত্র করার বিষয়টি উঠে এসেছে।
এরপর ১০ এপ্রিল সিকিমের আইনসভা রাজতন্ত্র বিলুপ্ত করে সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ অঙ্গরাজ্যে পরিণত করার প্রস্তাব গ্রহণ করে। জনগণের অনুমোদন নিতে ১৪ এপ্রিল গণভোট অনুষ্ঠিত হয়। সরকারি হিসাবে, ৫৯ হাজার ৬৩৭ জন প্রস্তাবের পক্ষে এবং ১ হাজার ৪৯৬ জন বিপক্ষে ভোট দেন। মোট ভোটার ছিলেন প্রায় ৯৭ হাজার।
আরও পড়ুন
সিকিমে গিয়ে যে ৮ কাজ ভুলেও করবেন না
এই গণভোটের পরিবেশ ও ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। ভারতের সামরিক উপস্থিতি ও রাজনৈতিক প্রভাবের মধ্যে অনুষ্ঠিত ভোটকে পুরোপুরি স্বাধীন জনমত যাচাই বলা যায় না। অন্যদিকে ভারত সরকার ও তৎকালীন নির্বাচিত নেতৃত্ব একে সিকিমের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তুলে ধরে।
গণভোটের পর ভারতের সংসদ সংবিধানের ৩৬তম সংশোধনী পাস করে। ২৬ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর ১৬ মে ১৯৭৫ থেকে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের ২২তম অঙ্গরাজ্যে পরিণত হয়। সংবিধানে সিকিমের জন্য বিশেষ বিধান যুক্ত করে ৩৭১এফ অনুচ্ছেদ সংযোজন করা হয়। বিলুপ্ত হয় চোগিয়াল পদ। কাজী লেন্দুপ দর্জি হন সিকিমের প্রথম মুখ্যমন্ত্রী।
১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত রাজ্যটির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে ১৯৭৯ সালের নির্বাচনে তার দল পরাজিত হলে তিনি ক্ষমতা হারান। এরপর রাজনীতিতে আর উল্লেখযোগ্যভাবে ফিরে আসতে পারেননি। জীবনের শেষ দুই দশকের বেশি সময় পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে অনেকটা নিভৃত জীবন কাটান লেন্দুপ দর্জি। ২০০৭ সালের ২৮ জুলাই কালিম্পংয়ের নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ১০২ বছর বয়সে মারা যান তিনি।
জেবি




