রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

সরকারি নথি, মেডিক্যাল রিপোর্ট থেকে মোছা হচ্ছে মেয়েদের নাম!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

সরকারি নথি, মেডিক্যাল রিপোর্ট থেকে মোছা হচ্ছে মেয়েদের নাম!

আফগানিস্তানে নারীদের পরিচয় মুছে ফেলার আরও এক পদক্ষেপ নিল তালিবান প্রশাসন। উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশে সরকারি নথি, হাসপাতালের রেকর্ড এবং প্রেসক্রিপশনে নারীদের আসল নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

সরকারি কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, নারীর নামের বদলে ‘বিবি’ শব্দটি ব্যবহার করতে হবে। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ এবং স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

আফগান সংবাদমাধ্যম ‘জান টাইমস’ এবং ‘দ্য গার্ডিয়ান’-এর একটি যৌথ অনুসন্ধানে এই নির্দেশিকার কথা সামনে এসেছে। 

আফগান সমাজে বয়স্ক নারীদের সম্মান জানাতে প্রথাগত ভাবে ‘বিবি’ শব্দটি ব্যবহার করা হয়। এর অর্থ ‘দাদিমা’ বা ‘বয়স্ক নারী’। বালখ প্রদেশে এখন সব বয়সি নারীর ক্ষেত্রেই এই সাধারণ শব্দটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

আফগান সমাজকর্মী লালেহ ওসমানি ‘এল পাইস’-কে জানিয়েছেন, নারীদের পরিকল্পিত ভাবে ‘অমানবিক’ করে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই কাজ করা হচ্ছে। শুধু তা-ই নয়, কিছু ক্ষেত্রে নারী বোঝাতে ‘ছাগল’ এবং ‘গরু’-র মতো পশুর নামও ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নারী, চিকিৎসক এবং নাগরিক অধিকার কর্মীদের বিভিন্ন সাক্ষ্য থেকেই এ দাবি করেছেন ওসমানি।

জানা গেছে, গত মে মাসে এই নির্দেশিকা জারি করা হয়েছিল। এমনকি চিকিৎসার প্রেসক্রিপশন এবং হাসপাতালের নথিতেও এই নিয়ম কার্যকর করা হয়েছে। 

আপাতত বালখ প্রদেশেই এই কড়াকড়ির খবর মিলেছে। গোটা দেশে এই নির্দেশ জারি হয়েছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

নারীদের পরিচয় মুছে ফেলার এই চেষ্টার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার উপরেও কড়া বিধিনিষেধ চাপানো হয়েছে। ‘দ্য গার্ডিয়ান’-এর অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, আফগানিস্তানের একাধিক প্রদেশে পুরুষ চিকিৎসক এবং দন্ত্যচিকিৎসকদের নারী রোগীদের পরীক্ষা ও চিকিৎসা না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও চিকিৎসকদের সাক্ষাৎকারে উঠে এসেছে। 

এই নিয়ম কার্যকর করতে বিভিন্ন দন্ত্যচিকিৎসা কেন্দ্রে তল্লাশি চালাচ্ছে তালিবান নিরাপত্তাবাহিনী। নারী রোগীদের চিকিৎসা করতে দেখা গেলে পুরুষ চিকিৎসকদের জেল হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হেরাতের বাসিন্দা ৩৭ বছর বয়সি এক নারী ‘দ্য গার্ডিয়ান’-কে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার দাঁতের চিকিৎসা মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষ তাকে জানিয়ে দিয়েছেন, তারা আর চিকিৎসা করতে পারবেন না। 

কারণ, তালিবানের ‘সদাচার প্রচার এবং পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়’ পুরুষ দন্ত্যচিকিৎসকদের নারীদের চিকিৎসা করার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। 

‘দ্য গার্ডিয়ান’-এর রিপোর্ট অনুযায়ী, অধিকাংশ প্রদেশেই পুরুষ চিকিৎসকদের মহিলা রোগী দেখার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি জরুরি পরিস্থিতিতেও তাঁরা সরাসরি চিকিৎসা করতে পারবেন না। কেবল দু’টি শর্ত পূরণ হলে তবেই চিকিৎসা সম্ভব। রোগীর সঙ্গে কোনও পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ থাকতে হবে, অথবা নির্দিষ্ট চিকিৎসার কাজে সাহায্যের জন্য মহিলা স্বাস্থ্যকর্মীকে উপস্থিত থাকতে হবে।

উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালের এক শল্যচিকিৎসক ওই সংবাদপত্রকে জানিয়েছেন, পুরুষ চিকিৎসকদের সরাসরি নারী রোগী পরীক্ষার কোনও অনুমতি নেই। 

চিকিৎসাপদ্ধতি যতই সাধারণ হোক বা রোগীর অবস্থা যতই আশঙ্কাজনক হোক না কেন, নিয়মের কোনও নড়চড় হয় না। এই বিধিনিষেধের জেরে নারীদের দন্ত্যচিকিৎসা পরিষেবা পাওয়াও কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

নারীদের আসল নামের বদলে একটি সাধারণ শব্দ ব্যবহার করায় চিকিৎসার ক্ষেত্রে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। রোগী শনাক্তকরণ এবং চিকিৎসায় ভুল হওয়ার ঝুঁকি বাড়ছে। 

সালেহ ওসমানি ‘এল পাইস’-কে বলেন, হাসপাতালের নথি এবং প্রেসক্রিপশনে একাধিক রোগীর নাম ‘বিবি’ লেখা থাকলে চরম বিভ্রান্তি তৈরি হবে। এর ফলে রোগ নির্ণয়, ওষুধের প্রেসক্রিপশন এবং চিকিৎসায় মারাত্মক ভুল হতে পারে। 

অন্য দিকে, স্বাস্থ্যক্ষেত্রে নারীদের প্রবেশের পথও বন্ধ করে দিচ্ছে তালিবান। ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে মেডিক্যাল প্রতিষ্ঠানগুলিতে নারীদের পড়াশোনা নিষিদ্ধ করা হয়েছে। 

পাশাপাশি হাসপাতালগুলিতেও নারী কর্মী নিয়োগের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ ছাড়া, যে সব নারী চিকিৎসক এখনও কাজ করছেন, তাদের সঙ্গেও ‘মাহরাম’ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে নারীদের চিকিৎসা পাওয়ার পথ আরও কঠিন হয়ে উঠেছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর