বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলকাতার শেষ বাসস্থানটি কিনে সেখানে কবির স্মৃতি সংরক্ষণ ও সাহিত্য-সংস্কৃতিচর্চার কেন্দ্র গড়ে তুলতে চান তার নাতনি মিষ্টি কাজী। এ লক্ষ্যে কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে দেখা করে ফ্ল্যাটটি কেনার আবেদন জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কলকাতার ৫-এ ক্রিস্টোফার রোডে সিআইটি আবাসনের প্রায় ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন কাজী নজরুল ইসলাম। কলকাতায় এটিই ছিল কবির শেষ বাসস্থান। জীবনের দীর্ঘ সময় শহরটির বিভিন্ন ভাড়া বাড়িতে কাটালেও সেখানে কবির নিজস্ব কোনো বাড়ি ছিল না।
নজরুলের পুত্র প্রয়াত কাজী সব্যসাচীর মেয়ে মিষ্টি কাজী চান, ঐতিহাসিক এই ফ্ল্যাটটি কিনে একটি কক্ষে কবির ব্যবহৃত আসবাবপত্র ও স্মৃতিবিজড়িত বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করতে। অন্য কক্ষটি তিনি নিজের বসবাসের জন্য ব্যবহার করবেন। পাশাপাশি সেখানে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চান।
মিষ্টি কাজী বলেন, পদ্মপুকুর সিআইটি রোডের এই ফ্ল্যাটে তার দাদা নজরুল ইসলাম বসবাস করতেন। ছোটবেলায় তারা সেখানে বড় হয়েছেন। তখন নজরুল ইসলাম ও কাজী সব্যসাচীর গুরুত্ব বুঝতে পারেননি। পরে তাদের অবদান উপলব্ধি করেছেন।
আরও পড়ুন
কবি নজরুল পুত্র বুলবুলের মৃত্যু নিয়ে সাড়া জাগানো ভুল তথ্য
কাজী নজরুলের দুই পত্রে দেশপ্রেমের বাণীই ধ্বনিত হয়েছে
তিনি আরও বলেন, ভারতে এটিই ছিল তার দাদার শেষ ঠিকানা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এসে সেখান থেকে নজরুলকে বাংলাদেশে নিয়ে যান। বাংলাদেশে কবির জন্য বড় বাড়ির ব্যবস্থা করা হয়েছিল। তবে এই ফ্ল্যাটে কিছু করার স্বপ্ন ছিল তার বাবা কাজী সব্যসাচীর। সেই স্বপ্ন পূরণ করতেই তারা ফ্ল্যাটটি কিনতে চান। সেখানে প্রতি বছর নজরুলের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মিষ্টি কাজীর সঙ্গে এ উদ্যোগে ছিলেন অগ্নিবীণা সংগঠনের সভাপতি রবীন মুখোপাধ্যায়। তিনি বলেন, বিদ্রোহী কবির বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ এই বাড়ি থেকেই প্রকাশিত হয়েছিল। একসময় বহু সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তি এখানে আসতেন। এমন স্মৃতিবিজড়িত বাড়িটির মালিকানা কবির পরিবারের হাতে না থাকাটা দুঃখজনক।
রবীন মুখোপাধ্যায় আরও বলেন, পরিবারটি ফ্ল্যাটটি কিনে সেখানে এক কক্ষে নজরুলের ব্যবহৃত আসবাবপত্র ও স্মৃতিস্মারক সংরক্ষণ করতে চায়। অন্য কক্ষে সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৭২ সালে সপরিবারে বাংলাদেশে আসেন। জীবনের শেষ দিনগুলো তিনি বাংলাদেশেই কাটান।
জেবি




