শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মমতাকে রাহুলের ফোন! 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

মমতাকে রাহুলের ফোন! 

ভারতের সংসদে আসন পুনর্বিন্যাস বিল পাসের লক্ষ্যে ডাকা তিন দিনের অধিবেশনকে কেন্দ্র করে দেশটির জাতীয় রাজনীতিতে তৎপরতা তুঙ্গে উঠেছে। 

আগামী ৩০ নভেম্বর লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন শুরু হবে। শেষ হবে ৩ ডিসেম্বর। কালীঘাট তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই সংক্ষিপ্ত অধিবেশনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরের আসন পুনর্বিন্যাস বিল পাসের রণকৌশল মোকাবিলা করতে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ আলোচনা হয় দু’জনের।

মমতা ​তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, লোকসভার আসন বৃদ্ধি এবং কেন্দ্র পুনর্বিন্যাস বিল পাস রুখতে বিরোধী শিবিরের কী কী পদক্ষেপ করা উচিত, তা নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। 

যদিও সংসদে অঙ্কের বিচারে ইন্ডিয়া জোট এখন কোণঠাসা। আসন পুনর্বিন্যাস বিল সমর্থনের সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছে ডিএমকে। 

দলীয় নেতা স্ট্যালিনের দু’টি দাবি, প্রথমত পুনর্বিন্যাসের পরে প্রতিটি রাজ্যেই লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়বে, অর্থাৎ তামিলনাড়ুর ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব অক্ষুণ্ণ থাকবে। 

দ্বিতীয়ত, আগামী ২৫ বছর আর লোকসভার আসনসংখ্যার কোনও পরিবর্তন করা হবে না—মেনে নিয়েছে বিজেপি। তার পরেই শনিবার সকালে চেন্নাইয়ে দলীয় বৈঠকে বিলটি সমর্থন করার সিদ্ধান্তে শিলমোহর পড়েছে।

শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র সমর্থনও বিজেপি মোটের উপর আদায় করে ফেলেছে। শোনা যাচ্ছে, বিনিময়ে শরদ-কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রে মন্ত্রী করা হতে পারে।

কালীঘাট তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, এই আবহে এনসিপি (শরদ)-কে বিরোধী জোটে ধরে রাখার কৌশল নিয়ে রাহুল ও মমতার কথা হয়েছে। 

তা ছাড়া, স্ট্যালিনের সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক ভাল হওয়ায় তাকে বোঝানোর বিষয়টিও এসেছিল আলোচনায়। তবে মমতা যদি কোনও উদ্যোগ নিয়েও থাকেন, তাতে যে কোনও লাভ হয়নি, সেটা স্পষ্ট।

কংগ্রেস নেতৃত্ব বিজেপি-বিরোধী অন্যান্য দলের সঙ্গে, যে তালিকায় অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস রয়েছে।

সমন্বয় সাধন করে এখন পর্যন্ত কত দূর এগোনো গিয়েছে, সেই বিষয়টিও মমতাকে জানিয়েছেন রাহুল। ​দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, গত এক সপ্তাহ ধরে কলকাতা থেকেই ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মমতা নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। 

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লার মতো নেতাদের সঙ্গে তার ধারাবাহিক আলোচনা চলছে বলে কালীঘাট তৃণমূলের দাবি।

​মমতা তৃণমূলের এক এমপির দাবি, বিজেপি যত সহজে সংসদে আসন পুনর্বিন্যাস বিল পাস করিয়ে নেবে বলে মনে করছে, বাস্তবে তা ততটা সহজ হবে না। 

কলকাতায় বসে দলনেত্রী যে ভাবে বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় সাধন করছেন, তার নিরিখেই আমরা এই বিষয়ে আশাবাদী।

​সব মিলিয়ে, সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার ঠিক আগে শাসক ও বিরোধী—দুই শিবিরেরই কৌশলগত তৎপরতায় দিল্লির রাজনীতি সরগরম হয়ে উঠেছে। 

এখন অধিবেশনের দিনগুলিতে ‘সংসদীয় সমীকরণ’ কোন দিকে মোড় নেয়, সে দিকেই তাকিয়ে বিরোধী শিবির।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর