শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে রানওয়েতে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে রানওয়েতে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতে দু’টি যাত্রীবাহী উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কেউ আহত হননি, তবে একটি বিমানের ডানার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঘটেছে এ ঘটনা। উড়োজাহাজ দু’টির মালিক মার্কিন বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্স— একটি ছিল ডালাসগামী ফ্লাইট ৬৩৮ এবং অপরটি ছিল শিকাগোগামী ফ্লাইট ২১৫২। খবর সিএনএনের।

বিমানবন্দরসূত্রে জানা গেছে, দু’টি বিমানই ছিল বোয়িং ৭৩৭ মডেলের এবং উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় ডানার সঙ্গে ডানার সংঘর্ষ হয় বিমানগুলোর।

বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের রেকর্ড অনুযায়ী, পাইলটরা ইতোমধ্যেই বিমানবন্দর টাওয়ারকে সংঘর্ষের বিষয়টি জানিয়েছেন। ফ্লাইট ৬৩৮-এর পাইলট সিএনএন-কে জানান, বিমানটি ‘হোল্ড-শর্ট লাইন’ (নির্ধারিত সীমা রেখা) কিছুটা অতিক্রম করে ফেলেছিল, যার ফলে পাশে থাকা আমেরিকান এয়ারলাইনসের অন্য বিমানটির সঙ্গে এর ধাক্কা লাগে। ফ্লাইট ২১৫৬-এর পাইলটও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংঘর্ষে একটি বিমানের ‘উইংলেট’—অর্থাৎ ডানার বাইরের দিকের ওপরের দিকে বাঁকানো অংশটি—ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে শোনা গেছে—এক পাইলট জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত ডানা থেকে কিছু অংশ (ধ্বংসাবশেষ) মাটিতে পড়ে আছে।

এই ঘটনার পর কন্ট্রোল টাওয়ার বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা অন্য একটি বিমানকে অবতরণ বাতিল করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেয়। 

পরে আমেরিকান এয়ারলাইনসের বিমান দুটিই আবার গেটে ফিরে আসতে সক্ষম হয়।

আমেরিকান এয়ারলাইন্সের কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে, বিমান দুটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের রক্ষণাবেক্ষণ দল এগুলো পরীক্ষা করে দেখছে। 

যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে বিমান পরিষেবা সংস্থাটির কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করছে।

এফএএ নিশ্চিত করেছে যে তারা এই ঘটনার তদন্ত করবে। থ্যাঙ্কসগিভিং ডে ছুটির মৌসুমে যখন লাখ লাখ আমেরিকান ভ্রমণ করছেন, ঠিক তখনই এই সংঘর্ষের ঘটনাটি ঘটল।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর