পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ই-ভিসা) ব্যবস্থা চালু করেছে মালদ্বীপ। নতুন এই ব্যবস্থায় দেশটিতে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর পর্যটকদের স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা দেওয়া হবে। এর জন্য ভ্রমণের আগে আলাদা করে ভিসার আবেদন করতে হবে না।
মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের ‘মালদ্বীপ ২.০’ উদ্যোগের অংশ হিসেবে গত ২৪ নভেম্বর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হয়েছে। ইমিগ্রেশন ছাড়পত্র পাওয়ার পর পর্যটকের দেওয়া ই-মেইল ঠিকানায় ভিসার বিস্তারিত তথ্য পাঠানো হবে। এতে ভিসার অনুমোদিত মেয়াদ ও মালদ্বীপে অবস্থানের সময়সীমা উল্লেখ থাকবে।
নতুন ব্যবস্থায় পর্যটকদের জন্য আগের মতোই অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বহাল থাকছে। সাধারণত পর্যটকেরা মালদ্বীপে পৌঁছে সর্বোচ্চ ৩০ দিনের বিনা মূল্যের ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকেন।
তবে ভিসা দেওয়ার বিষয়টি ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমোদন ও প্রবেশের শর্ত পূরণের ওপর নির্ভরশীল। নতুন উদ্যোগে মূলত কাগজে ভিসার তথ্য দেওয়ার পরিবর্তে পুরো প্রক্রিয়াকে ডিজিটাল করা হয়েছে।
পর্যটকদের ভিসার তথ্য পাঠানো হবে IMUGA পোর্টালে জমা দেওয়া Traveller Declaration ফরমে উল্লেখ করা ই-মেইল ঠিকানায়। এ কারণে ভ্রমণকারীদের সঠিক ও সচল ই-মেইল ঠিকানা ব্যবহার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যারা নিজের ই-মেইল ব্যবহার করতে পারবেন না, তারা সঙ্গে ভ্রমণকারী পরিবারের সদস্যের ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন।
মালদ্বীপে প্রবেশের ক্ষেত্রে আগের নিয়মগুলোও বহাল রয়েছে। পর্যটকদের কমপক্ষে এক মাস মেয়াদ থাকা মেশিন রিডেবল পাসপোর্ট থাকতে হবে। পাশাপাশি ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট, নিশ্চিত আবাসন বুকিং এবং ভ্রমণের খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থের প্রমাণ থাকতে হবে।
এছাড়া মালদ্বীপে পৌঁছানোর আগের ৯৬ ঘণ্টার মধ্যে IMUGA পোর্টালে Traveller Declaration জমা দিতে হবে। এই ঘোষণা জমা দেওয়ার জন্য কোনো ফি দিতে হয় না।
নতুন ই-ভিসা ব্যবস্থার পাশাপাশি রাজধানী মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন গেট বা ই-গেট সুবিধাও সম্প্রসারণ করেছে দেশটি। বর্তমানে বিমানবন্দরে মোট ৩৫টি ই-গেট চালু রয়েছে। এসব গেটে মুখমণ্ডল ও চোখের আইরিস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যোগ্য যাত্রীরা মুখমণ্ডল শনাক্তকরণের মাধ্যমে প্রায় ছয় থেকে সাত সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাথমিক পর্যায়ে ৪৬টি দেশের যোগ্য ই-পাসপোর্টধারী যাত্রীরা ৩১টি এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণ করলে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
মালদ্বীপ ইমিগ্রেশনের মতে, নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভিড় কমবে। একই সঙ্গে পাসপোর্ট যাচাই ও পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া আরও দ্রুত এবং নিরাপদ হবে। ই-গেট ব্যবহারের যোগ্যতা না থাকলে পর্যটকেরা আগের মতোই প্রচলিত ইমিগ্রেশন কাউন্টার দিয়ে প্রবেশ করতে পারবেন।
প্রসঙ্গত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেন। নতুন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকদেরও ভিসা প্রক্রিয়ার ডিজিটাল সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সূত্র: সান অনলাইন
এমএইচআর




