বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ নিয়ে উদ্বেগ কমে আসা, মার্কিন ডলারের দরপতন এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরায় মূল্যবান এই ধাতুর দাম এক ধাক্কায় ৩ শতাংশের বেশি বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪ মিনিটে (১১০৪ জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭৭ ডলারে পৌঁছায়। এতে চলতি সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ।
অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচারের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৭৬ ডলারে লেনদেন হচ্ছে।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হওয়া এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দরপতনের পেছনে এআই খাতের বিনিয়োগ নিয়ে তৈরি হওয়া উদ্বেগও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দর কমতে থাকায় কিছু বিনিয়োগকারী লোকসান সামাল দিতে স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেন।
তবে যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ছুটির কারণে শেয়ারবাজারে লেনদেনের গতি কমে আসায় পরিস্থিতির পরিবর্তন ঘটে। প্রযুক্তি খাতের শেয়ারে বিক্রির চাপ কমে এবং এআই বিনিয়োগ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়। এতে স্বর্ণ বিক্রির প্রবণতা কমে গিয়ে নতুন করে ক্রেতা ফিরে আসেন।
সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, ‘কয়েকদিন ধরে দরপতনের পর ক্রেতারা বাজারে ফিরে এসেছেন। সাম্প্রতিক বিক্রির চাপের পর প্রযুক্তি এবং এআই স্টকগুলো স্থিতিশীল হয়েছে বলে মনে হচ্ছে, যা স্বর্ণের জন্য ইতিবাচক।’
এদিকে চলতি সপ্তাহে ২২ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের ডলারের দামও কিছুটা কমেছে। ডলারের দর কমলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বাড়তে পারে।
এছাড়াও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি হওয়া এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার তথ্য ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে জোরালো করেছে।
ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরেও সুদের হার বাড়াতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকটি। ২০২৭ সালের শুরুতেও সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না। অন্যদিকে সুদযুক্ত বিনিয়োগে বেশি মুনাফার সুযোগ তৈরি হলে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে সেসব সম্পদের দিকে ঝুঁকতে পারেন।
এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৪ দশমিক ২৫ ডলারে পৌঁছায়। এছাড়াও প্লাটিনামের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৩ দশমিক ২৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯১২ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। এসব ধাতুও সপ্তাহজুড়ে মূল্যবৃদ্ধির পথে রয়েছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর




