পাকিস্তানের অন্যতম প্রভাবশালী ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ)-এর প্রধান মাওলানা ফজলুর রহমানকে লাহারে গ্রেফতার করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে লাহোর পুলিশ তাকে গ্রেফতারের কথা অস্বীকার করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে জেইউআই-এফের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে মাওলানা ফজলকে বলতে শোনা যায়, ‘লাহোর পুলিশের আইজি ও সিসিপিও আমাকে গ্রেফতার করেছেন। আমি এখন তাদের হেফাজতে আছি।’
এর কয়েক ঘণ্টা পর পুলিশ তার গ্রেফতারের খবর অস্বীকার করে।
শুক্রবার (২৭ নভেম্বর) লাহোরের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) বিলাল সিদ্দিক কামিয়ানা ডনকে বলেন, ‘আমরা জেইউআই-এফ প্রধানকে গ্রেফতার করিনি।’
তিনি বলেন, গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সময় ঠোকার নিয়াজ বেগের কাছে যানজটে আটকে ছিলেন মাওলানা ফজল। পরে তাকে লাহোরের বাসায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়।
ডন জানিয়েছে, মাওলানা ফজলকে ঘিরে এই উত্তেজনার সূত্রপাত সারগোধায় জেইউআই-এফের এক সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে। জেলা প্রশাসন তাকে এবং দলের আরও আট নেতাকে ৩০ দিনের জন্য সারগোধায় প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দেয়। এরপরও তিনি ভিডিও বার্তায় সারগোধার উদ্দেশে রওনা হওয়ার কথা জানিয়েছিলেন।
সিসিপিও আরও জানান, মাওলানা ফজল বিক্ষোভের আহ্বান প্রত্যাহার করেছেন এবং জুমার নামাজের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
কামিয়ানা বলেন, ‘যখন বিক্ষোভের ডাক প্রত্যাহার করা হয়েছে, তখন আমরা তাকে কেন গ্রেফতার করব? তার বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ তারা তার চলাচলে কোনো বিধিনিষেধ আরোপ করেননি। তিনি যেকোনো জায়গায় যেতে পারেন।’
এর আগে লাহোর হাইকোর্টে মাওলানা ফজলকে গৃহবন্দি করে রাখার অভিযোগে একটি আবেদন করা হয়। আদালত পুলিশপ্রধানের কাছে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছিলেন। পুলিশ অবশ্য তাকে গ্রেফতার কিংবা আনুষ্ঠানিকভাবে গৃহবন্দি করার অভিযোগ অস্বীকার করেছে।
প্রসঙ্গত, পাকিস্তানের রাজনীতি ও ধর্মীয় পরিমণ্ডলে জমিয়ত উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) এবং এর প্রধান মাওলানা ফজলুর রহমান অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী নাম। জেইউআই-এফ এককভাবে কখনো কেন্দ্রে সরকার গঠন করতে না পারলেও, পাকিস্তানে যেকোনো জোট সরকার গঠনে তারা অপরিহার্য চালিকাশক্তি।
তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে জেইউআই-এফের বিরোধও সাম্প্রতিক সময়ে বেড়েছে। খাইবার পাখতুনখাওয়ায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা এবং প্রাদেশিক অধিকার নিয়ে মাওলানা ফজল সরকারের সমালোচনা করে আসছেন।
সূত্র: ডন
এমএইচআর




